আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির ফুটবল বিতরণ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০৪:২০ পিএম

এস কে সিরাজ, শ্যামনগর: “মাদক নয়, খেলাধুলা চাই—সুস্থ সমাজ গড়তে সবাই এগিয়ে আসি” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে একদল যুবকের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকাল ৪ ঘটিকায় শ্যামনগর মহসিন কলেজের পূর্ব পাশে হায়বাতপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির উদ্যোগে একঝাঁক ফুটবলপ্রেমী যুবকের মাঝে ফুটবল বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে ক্রীড়ামুখী জীবনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি এস.কে. সিরাজ, সেক্রেটারি জি.এম. ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি.এম. রাজু আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।সভাপতির বক্তব্যে এস.কে. সিরাজ বলেন, “যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ সময় কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি উপস্থিত যুবকদের মাঝে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। শপথে যুবকরা প্রতিজ্ঞা করেন—তারা মাদক থেকে দূরে থাকবে, অন্যদেরও সচেতন করবে এবং খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখবে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারী যুবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Link copied!