লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ধারালো অস্ত্রের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। তাঁদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
শুক্রবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হাতীবান্ধা থানার উপপরিদর্শক রুহুল আমিন এবং সহকারী উপপরিদর্শক আব্দুল লতিফ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গেন্দুকুড়ি গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম ওরফে রাশেদের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে অভিযান চালান উপপরিদর্শক রুহুল আমিন ও সহকারী উপপরিদর্শক আব্দুল লতিফ।
অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে রাশেদুল ইসলাম ধারালো দা দিয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে রুহুল আমিনের হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলায় আহত হন আব্দুল লতিফও। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :