সাংবাদিক বিল্লাল হোসেন মানিকসহ গুণীজনদের “মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড-২০২৬” সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১২:০০ পিএম

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড-২০২৬”। মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ আয়োজনে রাজধানীর বিজয়নগর পল্টন টাওয়ারস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতে অবদান রাখা গুণীজনদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দেশাত্মবোধক গান, মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা ও র‍্যাম্প শো অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। সাংস্কৃতিক আয়োজনে উপস্থিত অতিথিরা মুগ্ধতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন ময়মনসিংহের কৃতি সাংবাদিক বিল্লাল হোসেন মানিক। সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে “বর্ষসেরা ক্রাইম রিপোর্টার অফ ময়মনসিংহ” সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে স্টার বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি বিচারপতি মো: জয়নুল আবেদীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডিসিআই’র নির্বাহী পরিচালক ফখরুল ফেরদৌস। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জিহাদুর রহমান, ই-ক্রয় ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মুসফাকুল আলম এবং চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকার সবুজ রায়।

অনুষ্ঠানে বিভিন্ন খাতে সফলতা ও অবদানের জন্য সম্মাননা পেয়েছেন দেশের উদীয়মান উদ্যোক্তা, সংগঠক ও কর্পোরেট ব্যক্তিত্বরা। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন ভার্টেক্স টেলিকম সলিউশনস-এর সিইও আব্দুর রহমান (আবির)। টেলিকম খাতে সফল ব্যবসায়িক অবদান ও রাইজ সিম কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা প্রদান করা হয়।

অনলাইন জুয়েলারি ব্যবসায় সাফল্যের জন্য সম্মাননা পান ইনোভিবেল (প্রাইভেট) লিমিটেডের সিইও ও প্রতিষ্ঠাতা ডা. সাবরিনা তিশা। তার পরিচালিত “সোনার হরিণ” পেইজ ইতোমধ্যে অনলাইন উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য সম্মাননা পান সাজকমক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক আল আমিন হোসাইন ইস্রাফিল। দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রশিক্ষণের মাধ্যমে তিনি তরুণদের মাঝে সৃজনশীলতা বিকাশে কাজ করে যাচ্ছেন।

সামাজিক সংগঠন ও নারী উদ্যোক্তা খাতে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন কণ্ঠস্বর ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক খাদিজা আক্তার জেবা। তার পরিচালিত “জামানস কিচেন” অনলাইন ব্যবসা ইতোমধ্যে গ্রাহকদের মাঝে আস্থা অর্জন করেছে।

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় ই-ক্রয় ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মুসফাকুল আলমকে।

দেশীয় পণ্যের উন্নয়ন ও অপারেশন ব্যবস্থাপনায় দক্ষতার জন্য সম্মাননা পান “দেশিও”-এর হেড অব অপারেশনস মোঃ আরেফিন হক।

ডিজিটাল মার্কেটিং ও তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পান লেভিক্স আইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহেদি হোসেন। তিনি দীর্ঘদিন ধরে আইটি ও মার্কেটিং এজেন্সি পরিচালনার মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে আসছেন।

এছাড়াও ব্যাংকিং খাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছেন সাংবাদিক পারভিন আক্তার। তিনি ওয়ান ব্যাংক পিএলসি’র আল নূর ইসলামী ব্যাংকিং বিভাগের ট্রেইনি সেলস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংগীত ও বিনোদন অঙ্গনে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছেন ডিজে নাইরা। তিনি একজন দক্ষ ডিজে এক্সপার্ট ও মডেল হিসেবে ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সুনাম অর্জন করেছেন। বনশ্রী, ঢাকাকে কেন্দ্র করে তার সৃজনশীল পরিবেশনা ও মডেলিং কার্যক্রম তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। “মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড-২০২৬”-এ তিনি ৩য় ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন।

আয়োজকরা জানান, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখা গুণীজনদের সম্মাননার মাধ্যমে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বেশি গুণীজনকে অনুপ্রাণিত করবে এবং সমাজের ইতিবাচক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাবে।

Advertisement

Link copied!