ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অনলাইন ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ভূমি অফিস প্রাঙ্গণে মেলায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারছে। ফুলবাড়ীয়ায় ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীদের ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শেখ তাকী তাজওয়ার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ অন্যান্যরা।
এতে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপ সংক্রান্ত বিভিন্ন সেবা বিষয়ে বক্তব্য প্রদান করেন অতিথিরা।
মেলায় আগতদের অনলাইন ভূমি সেবা ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিভিন্ন স্টল স্থাপন করা হয়। পরে জাতীয় সংসদ সদস্য সহ অন্যান্য অতিথিরা স্টল পরিদর্শন করেন।
এর আগে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ স্লোগানে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :