২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। বুধবার (২০ মে ২০২৬) সকালে ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় অবস্থিত ডিএসকে’র জোন অফিসে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডিএসকে ময়মনসিংহ-০১ জোনের আওতাধীন মোট ১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সর্বমোট ১ লক্ষ ৫৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের ৩ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে এবং মাধ্যমিক (এসএসসি) পর্যায়ের ৭ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এই বৃত্তির অর্থ প্রদান করা হয়।
ডিএসকে ময়মনসিংহ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ আমিনুল ইসলাম।
ময়মনসিংহ সদর শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শম্ভুগঞ্জ শাখার ব্যবস্থাপক তৈমুর রহমান এবং পডাশিয়া শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবিরসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সেজন্য ডিএসকে সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে।" উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :