ঈদ ঘিরে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ নির্দেশনা

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০১:০২ পিএম

কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, কোরবানির পশুর হাটে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব পংকজ বড়ুয়া।

সভায় পুলিশ সুপার বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পশুর হাটে মানুষের ব্যাপক সমাগম ঘটবে। তাই প্রতিটি হাট এলাকায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি নির্দেশনা দেন, হাটগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল টিম, টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, চুরি, ছিনতাই, জাল টাকা প্রতারণা, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে পুলিশ সদস্য নিয়োজিত রাখতে হবে এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া নজরদারি অব্যাহত রাখতে হবে। হাটে আগত সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, যানজট নিরসন, প্রবেশ ও বাহির পথ নিয়ন্ত্রণ এবং জরুরি সেবা কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, হাট ইজারাদার ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং চালিয়ে যাওয়ার নির্দেশনাও প্রদান করা হয়।

এছাড়াও সভায় কুমিল্লা জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং জেলার গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Link copied!