নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার ইউনিক কোম্পানির বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মো. দীপু (২৭) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি ভবনাথপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে সোনারগাঁ থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। যারা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, “সোনারগাঁকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।”
আপনার মতামত লিখুন :