‘স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি’ : আদালতকে স্বপ্না

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১১:৩৯ এএম

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়েছে। আসামি স্বপ্না বলেছেন, ‘স্যার আমি নির্দোষ। আমি কিছু করিনি।’

বুধবার (৩ জুন) বেলা ১১টা ৯ মিনিটের দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আদালতে হাজির হন। এরপর আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়।

স্বপ্নার কিছু বলার আছে কিনা বিচারক জানতে চান। তখন স্বপ্না বলেন, ‘স্যার আমি নির্দোষ। আমি কিছু করিনি।’

এ সময় আরেক আসামি সোহেল বলেন, ‘স্যার আমার সঙ্গে ডলার ছিল, তাকে কেউ দেখেনি। তাকে ধরেন। আমিও দোষ করেছি। কিন্তু একা দোষী না। আমার একটা ছাওয়াল আছে। আমাকে ক্ষমা করে দেন। আমি নির্দোষ, খালাস চাই।’

এর আগে মঙ্গলবার রামিসার বাবা, মা, বোন, স্বজন, প্রতিবেশী প্রত্যক্ষদর্শী ও তদন্ত কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন। এরপর সাক্ষ্য গ্রহণ শেষ করার নিবেদন জানান রাষ্ট্রপক্ষ। আবেদন মঞ্জুর করে আদালত মামলার পরবর্তী ধাপ আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজ দিন ধার্য করেন।

এর আগে গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আদালতের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন সোহেল।

Link copied!