বউ নিয়ে পালিয়ে বাবার হাতে ধরা পড়েন বাপ্পারাজ

বিনোদন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০১:৪৮ পিএম

পর্দায় বহুবার ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করে দর্শকদের চোখের কোণে জল এনেছেন। ‘ছ্যাঁকা খাওয়া প্রেমিক’ হিসেবে ঢালিউডে একরকম ব্র্যান্ড হয়ে যান। কিন্তু তার বাস্তব জীবনের গল্পটা একদম উল্টো, চিরসবুজ সফল প্রেমিক। বলছি, চিত্রনায়ক বাপ্পারাজের কথা। নিজের জীবনের প্রেম ও বিয়ের গল্প শেয়ার করতে গিয়ে এ অভিনেতা জানালেন এমন এক কাহিনি, যা সিনেমার রোমাঞ্চকর চিত্রনাট্যের চেয়েও কম নয়।

সম্প্রতি এক আড্ডায় নিজের জীবনের সেই অধ্যায় নিয়ে স্মৃতিচারণ করেছেন বাংলা চলচ্চিত্রের নায়করাজ রাজ্জাকের সুযোগ্য পুত্র বাপ্পারাজ। তিনি জানান, প্রেমটা বেশ জমজমাট হলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল মেয়ের পরিবার। তার শ্বশুরবাড়ির লোকজন এই বিয়েতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। কিন্তু ভালোবাসার কাছে কি আর দেয়াল তোলা যায়? বাপ্পারাজও দমে যাওয়ার পাত্র ছিলেন না।

ঘটনা বর্ণনা করে বাপ্পারাজ বলেন, ‘আমার প্রেম ছিল সিনেমার গল্পের মতো। আমার শ্বশুর এ বিয়েতে রাজি ছিলেন না। তারপর বন্ধুকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আসি।’

বিয়ের ধকল শেষে যখন নতুন জীবনের পরিকল্পনা করছিলেন, ঠিক তখনই ঘটে অন্য এক ঘটনা। হাসতে হাসতে বাপ্পারাজ বলেন, ‘চিন্তা করছিলাম বিকেলে কী করব, পরবর্তী প্ল্যান কী? কোথায় যাব, কেমনে কী করব, এরই মধ্যে আমাকে ধরে ফেলে।’

পরিকল্পনা অনুযায়ী স্ত্রীকে নিয়ে চলে আসার পর তারা আশ্রয় নেন তৎকালীন জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত সোহেল চৌধুরীর বাসায়। সেখানেই কাজি ডেকে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। ছেলের এমন কাণ্ডের কথা জানতে পেরে চুপচাপ বসে থাকেননি নায়করাজ রাজ্জাক। বাপ্পারাজ বলেন, ‘বিয়ে করার পর আব্বা লোক পাঠিয়ে আমাকে ধরে আনেন।’

বাবা রাজ্জাকের লোকেদের হাতে ধরা পড়ার পর স্বাভাবিকভাবেই বাপ্পারাজকে বেশ বড়সড় ঝড়ের মুখে পড়তে হয়েছিল। বাবার কাছ থেকে জোটে প্রচুর বকাঝকা। তবে রাগ কমলে ছেলের ভালোবাসাকে মেনে নেয় পরিবার।

Link copied!