বলিউডের সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছেন গায়িকা জেসমিন স্যান্ডলাস। জনপ্রিয় হয়েছে তার বেশ কিছু গান।
সম্প্রতি, তিনি মঞ্চ থেকেই সরাসরি ভক্তদের কাছে তার বাগদানের খবর ভাগ করেছেন। তবে জেসমিনের জীবনের কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনলে অবাক হবে যে কেউ।
প্রথম ঋতুস্রাবের (পিরিয়ড) অভিজ্ঞতা ছিল চরম ভয়ের। শরীর থেকে রক্তপাত শুরু হওয়ার পর তিনি ভেবেছিলেন, ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং আর বাঁচবেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের স্মৃতি এভাবেই তুলে পাঞ্জাবি এই গায়িকা।
সম্প্রতি একটি অনলাইন অনুষ্ঠানে অতিথি হয়ে জেসমিন জানান, ছোটবেলায় পরিবারে ঋতুস্রাব নিয়ে কখনো কোনো আলোচনা হয়নি।
ফলে বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগে এ বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। তার ভাষ্য, এ কারণেই প্রথম ঋতুস্রাবের অভিজ্ঞতা তার কাছে ছিল ভয়াবহ।
সেই সময়ের কথা স্মরণ করে জেসমিন বলেন, তখন আমি সপ্তম শ্রেণিতে পড়ি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকতাম। হঠাৎ একদিন যখন আমার শরীর থেকে রক্তপাত শুরু হলো, আমি ভয়ে পুরো জমে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল, আমার বোধহয় ক্যান্সার হয়েছে এবং আমি আর বেশিদিন বাঁচব না, মারা যাব। আমি এতটাই আতঙ্কিত আর অপ্রস্তুত ছিলাম যে, নিজের জন্মদাত্রী মাকেও এই কথা কীভাবে জানাব, তা বুঝে উঠতে পারছিলাম না।
তিনি জানান, পরে স্কুলে এ বিষয়ে কিছুটা জানলেও প্রথম অভিজ্ঞতার মানসিক আঘাত আজও ভুলতে পারেননি।
ঋতুস্রাব নিয়ে সমাজে বিদ্যমান সংকোচের সমালোচনা করে জেসমিন বলেন, ঋতুস্রাব আসলে একটি মেয়ের জীবনের অত্যন্ত সুন্দর ও স্বাভাবিক বিষয়। কিন্তু যখন একটি ছোট মেয়েকে তার নিজের শরীরের এই বদল সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয় না, তখন অবধারিতভাবে সেটি তার জীবনের সবচেয়ে ভীতিজনক ও মানসিকভাবে আঘাতের অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।
বর্তমান প্রজন্মের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে এই গায়িকা আরো বলেন, কন্যা সন্তানের প্রথম ঋতুস্রাব শুরুর আগেই সহজ ও স্বাভাবিকভাবে এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা উচিত। তার মতে, সচেতনতা ও খোলামেলা আলোচনা অনেক অপ্রয়োজনীয় ভয় ও বিভ্রান্তি দূর করতে পারে।

আপনার মতামত লিখুন :