ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। আগামী ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটি প্রচারের পাশাপাশি এর মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে তিনি আর যোগাযোগ করেননি বলে অভিযোগ করেছেন মামলার বাদী।
এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করা হয়।
তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তানজিন তিশা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
বাদীপক্ষের দাবি, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এখন বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে।
এদিকে, তানজিন তিশা বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় থাকলেও আদালতের এ আদেশের পর নতুন করে আলোচনায় এসেছে তার নাম

আপনার মতামত লিখুন :