জয়কে মারার জন্য চাবুক অর্ডার দিয়েছেন ওমর সানি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১২:০৬ পিএম

জয়কে মারার জন্য চাবুক অর্ডার দিয়েছেন ওমর সানি

ফাইল ফটো

উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা মন্তব্য করেছেন ঢালিউডের অভিনেতা ওমর সানি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, জয়কে মারার জন্য তিনি আসল চাবুক অর্ডার দিয়েছেন। তবে একই সঙ্গে বিষয়টিকে তিনি নিছক রসিকতা বলেও উল্লেখ করেছেন।

সোমবার (১৩ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে ওমর সানি লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’ পোস্টের শেষে তিনি লেখেন, ‘বিষয়টি খেলাধুলা, মজা।’

এর আগে ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে ওমর সানির একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। সেই ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় শাহরিয়ার নাজিম জয় একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন।

জয় লেখেন, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। নব্বইয়ের দশকে দেখতাম সিনেমায় মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত, এখন বুঝেছি।’

জয়ের ওই পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকেই ওমর সানির বক্তব্য নিয়ে ব্যঙ্গ করেন। কেউ পুরোনো বাংলা চলচ্চিত্রে ওমর সানি ও মৌসুমীর চাবুক মারার দৃশ্যের প্রসঙ্গ তোলেন, আবার কেউ নানা ধরনের রসিকতাপূর্ণ মন্তব্য করেন।

এরই ধারাবাহিকতায় জয়ের পোস্টের জবাব হিসেবে নিজের অবস্থান জানিয়ে নতুন এই পোস্ট করেন ওমর সানি।

Link copied!