চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ঘিরে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ভাইরাল অডিও কাণ্ড এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ ভিডিওবার্তায় মাহি সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও হয়রানির অভিযোগ করেছেন।
মাহি জানান, ডা. মুরাদ হাসান তাকে নিয়মিত বিরক্ত করতেন। এ কারণে বাধ্য হয়ে তিনি তার ফোন নম্বর বন্ধ করে দিয়েছিলেন। ভাইরাল হওয়া অডিও প্রসঙ্গে তিনি বলেন, অডিওতে মুরাদ হাসান নিজেই উল্লেখ করেছিলেন যে, তিনি মাহির ফোন ধরছেন না। এরপর বিভিন্ন সময় অন্য ব্যক্তিদের ফোন ব্যবহার করে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হতো।
চিত্রনায়িকা মাহির অভিযোগ, তৎকালীন প্রতিমন্ত্রী ক্ষমতার প্রভাব ব্যবহার করে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেন, অডিওতে তাকে র্যাব, পুলিশ, এনএসআই ও ডিজিএফআই পাঠানোর হুমকি দেওয়া হয়েছিল। মাহির প্রশ্ন, যদি তাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক থাকত, তাহলে এমন হুমকির প্রয়োজন কেন হতো? তার দাবি, তিনি যোগাযোগ এড়িয়ে চলায় ক্ষমতার প্রভাব দেখিয়ে তাকে চাপের মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছিল।
সেই সময়ের পরিস্থিতি বর্ণনা করে মাহি জানান, তিনি চলচ্চিত্র অঙ্গনের অনেক পরিচিত ও প্রভাবশালী ব্যক্তির কাছে সহায়তা চেয়েছিলেন। কিন্তু ডা. মুরাদ হাসান তখন মন্ত্রী থাকায় অনেকেই বিষয়টি এড়িয়ে যান। কেউ কেউ তাকে সতর্ক করে বলতেন, রাতে অপরিচিত নম্বর থেকে ফোন এলে যেন তিনি সতর্ক থাকেন। কারণ অনেক সময় মুরাদ হাসান তাদের আশপাশেই থাকতেন।
ভাইরাল অডিওতে মুরাদ হাসানের অশালীন মন্তব্যের জবাবে মাহির শান্ত আচরণ নিয়েও নানা আলোচনা হয়েছিল। এ বিষয়ে মাহি বলেন, তিনি যদি তখন উত্তেজিত হয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখাতেন এবং এর ফলে তার বড় কোনো ক্ষতি হতো, তাহলে সেই পরিস্থিতির দায় কে নিত? তাই তিনি পরিস্থিতি বিবেচনা করে ধৈর্য ধরে বিষয়টি মোকাবিলা করেছিলেন।
ভিডিওবার্তায় মাহি আরও দাবি করেন, ডা. মুরাদ হাসান শুধু তাকেই নয়, চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন নারী শিল্পী, কণ্ঠশিল্পী ও সংবাদ উপস্থাপিকার সঙ্গে একই ধরনের আচরণ করেছিলেন। তবে ক্ষমতার ভয়ে তখন অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি বলে তিনি জানান।
মাহি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি জানানোর সুযোগ পেলে তিনি অবশ্যই তা জানাতেন। তার বিশ্বাস, বিষয়টি জানলে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিতেন। তবে সেই সুযোগ না পাওয়ায় তিনি সতর্কতা ও ধৈর্যের সঙ্গে পুরো পরিস্থিতি মোকাবিলা করেছেন।

আপনার মতামত লিখুন :