পাঁচ নম্বর বিয়ের সাড়ে তিন মাস পরই মা হলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ০৭:৫৫ পিএম

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও উদ্যোক্তা সুস্মিতা রায় আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। একাধিক বিয়ে, বিচ্ছেদ ও নানা বিতর্কের পর এবার তিনি ভাগ করে নিয়েছেন জীবনের সবচেয়ে আনন্দের খবর। পঞ্চম বিয়ের সাড়ে তিন মাসের মাথায় মা হয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে সংসার শুরুর কিছুদিনের মধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন সুস্মিতা। সুখবরটি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। একই সঙ্গে দীর্ঘ সাত বছরের অপেক্ষা, প্রথম সন্তান হারানোর বেদনা এবং মাতৃত্বের কঠিন পথচলার কথাও আবেগঘন ভাষায় তুলে ধরেছেন।

সুস্মিতা জানান, ২০১৯ সালের ১৯ মার্চ প্রথম সন্তান হারানোর স্মৃতি আজও তাকে তাড়া করে ফেরে। সেই ঘটনার কথা স্মরণ করে তিনি লেখেন, সাত বছর আগে থেমে যাওয়া স্বপ্নটি আজ নতুন করে পূর্ণতা পেয়েছে। দীর্ঘ প্রতীক্ষা, অগণিত কষ্ট, না-পাওয়ার যন্ত্রণা এবং নানা প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের পর অবশেষে তিনি মাতৃত্বের স্বাদ পেয়েছেন। তার ভাষায়, এটি শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, বরং সময়, পরিস্থিতি ও অদৃশ্য নানা বাধার বিরুদ্ধে এক দীর্ঘ সংগ্রাম।

প্রথম সন্তানের মৃত্যুর তিক্ত অভিজ্ঞতার কারণে এবার পুরো গর্ভাবস্থার বিষয়টি সবার কাছ থেকে গোপন রেখেছিলেন বলে জানান তিনি। সন্তান নিরাপদে জন্ম নেওয়ার পরই এই সুখবর প্রকাশ করার সিদ্ধান্ত নেন।

স্বামী শুভাশিস দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুস্মিতা। তিনি বলেন, যখন মনে হয়েছিল জীবনে আর কখনো ‘মা’ ডাক শোনার সৌভাগ্য হবে না, তখন শুভাশিস তার স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে আগলে রেখেছেন। কঠিন সময়ে সাহস, ভরসা ও লড়াই করার শক্তি জুগিয়েছেন। মাতৃত্বের এই পূর্ণতার গল্পে স্বামীর ভালোবাসা, বিশ্বাস ও অবিচল সঙ্গ আজীবন সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

গত ৬ মার্চ শুভাশিস দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুস্মিতা রায়। পরে জানা যায়, বিয়ের সময় তিনি প্রায় সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেই হিসাবে বিয়ের সাড়ে তিন মাসের মধ্যেই সন্তানের জন্মের সুখবর দেন এই অভিনেত্রী।

টালিউড অভিনেতা সায়কের প্রাক্তন বৌদি হিসেবে পরিচিত সুস্মিতা রায় ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার সমালোচনা ও বিদ্রূপের শিকার হয়েছেন। বিশেষ করে তার পঞ্চম বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। তবে সব বিতর্ককে পেছনে ফেলে জীবনের নতুন অধ্যায় শুরু করায় ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

 
 

Link copied!