আমি আর একা নই, কারও সঙ্গে সম্পর্কে আছি: নাজনীন নীহা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০৫:২৮ পিএম

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিজীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। তবে এবার কোনো গুঞ্জন নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সম্পর্কের অবস্থান হালনাগাদ করার মাধ্যমেই আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুন) ফেসবুক প্রোফাইলে নিজের সম্পর্কের অবস্থা ‘এনগেজড’ হিসেবে উল্লেখ করেন নীহা। এরপরই অনেকের মধ্যে ধারণা ছড়িয়ে পড়ে, অভিনেত্রীর বাগদান সম্পন্ন হয়েছে। ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি জানতে চান, কে সেই বিশেষ মানুষ। কেউ কেউ আবার মিষ্টি খাওয়ার দাবিও তোলেন।

তবে বিষয়টি নিয়ে সৃষ্টি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন নাজনীন নীহা নিজেই। তিনি জানান, কোথাও তিনি বাগদান সম্পন্ন হওয়ার কথা বলেননি। তার ভাষ্য, ‘আমি শুধু লিখেছি, আমি এখন “এনগেজড”। এর অর্থ আমি আর একা নই, কারও সঙ্গে সম্পর্কে আছি। এর বেশি এই মুহূর্তে বলতে চাই না। সময় হলে সবাই জানতে পারবেন।’

নীহা বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সবসময় স্বচ্ছ থাকতে চান। তাই সম্পর্কের বিষয়টি গোপন রাখার প্রয়োজন অনুভব করেননি। তার মতে, ‘আমি আমার জায়গা থেকে সৎ থাকতে পছন্দ করি। ফেসবুকে এই অবস্থান দেওয়ার অর্থ শুধু এটুকুই যে আমি আর একা নই। কাউকে এটি খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি। যথাসময়ে সেই মানুষটির পরিচয়ও প্রকাশ করব।’

এর আগেও নাজনীন নীহার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ শিরোনামে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি প্রকাশ করলে অনেকেই তার বিয়ে হয়ে গেছে বলে ধারণা করেন। পরে অভিনেত্রী জানান, সেটি বাস্তব জীবনের কোনো ঘটনা ছিল না; একটি নাটকের প্রচারণার অংশ হিসেবে ছবিটি প্রকাশ করা হয়েছিল।

এবার সম্পর্কে থাকার বিষয়টি নিজেই নিশ্চিত করলেও, সেই বিশেষ মানুষের পরিচয় আপাতত গোপনই রাখছেন নাজনীন নীহা। তার ভাষায়, সময় উপযুক্ত হলে সবকিছু নিজেই সবার সামনে তুলে ধরবেন।

Link copied!