চলচ্চিত্রে কাজ করতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন খ্যাতিমান মার্কিন অভিনেতা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০১:০৯ পিএম

বিশ্বখ্যাত ধারাবাহিক ‘ব্রেকিং ব্যাড’-এ স্মরণীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেতা জানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ করেছেন সৌদি আরবের সাধারণ বিনোদন কর্তৃপক্ষের চেয়ারম্যান তুর্কি আল-শেখ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তুর্কি আল-শেখ জানান, জানকার্লো এস্পোসিতো আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। পরে মরক্কোর একটি মসজিদে নিজের শুটিং দলের সদস্যদের সঙ্গে জামাতে নামাজেও অংশ নেন তিনি।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্যধারণে এস্পোসিতোকে মসজিদের ভেতরে অন্যান্য মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে দেখা যায়। দৃশ্যটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

প্রকাশিত বিভিন্ন তথ্যে বলা হয়েছে, সৌদি আরবে অবস্থানকালে মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা তার চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে গভীর প্রভাব ফেলে। বিশেষ করে স্থানীয় মানুষের আন্তরিকতা, অতিথিপরায়ণতা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ তাকে মুগ্ধ করে। এসব অভিজ্ঞতার কারণেই তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।

বর্তমানে সৌদি আরবে নির্মাণাধীন বৃহৎ বাজেটের চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এস্পোসিতো। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করলেও ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এ তার অভিনয় বিশেষ প্রশংসা অর্জন করে। বিশেষত ‘গাস ফ্রিং’ চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এবং বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনয়ন অর্জন করেন।

Link copied!