সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০২:১৭ পিএম

মৃত্যুর প্রায় তিন দশক পর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর প্রকৃত মৃত্যুর কারণ অনুসন্ধানে তাঁর মরদেহ কবর থেকে উত্তোলনের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা এ আদেশ দেন। সালমান শাহর মামা ও হত্যা মামলার বাদী আলমগীর কুমকুমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগের নির্দেশ বাতিল করেন।

এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা, অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক জিয়াউল মোর্শেদ মরদেহ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে আদালত প্রায় ৩০ বছর পর সালমান শাহর মরদেহ কবর থেকে তোলার অনুমতি দিয়েছিলেন।

তবে ওই সিদ্ধান্ত প্রকাশের পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে বাদী পক্ষ আদালতে আবেদন করে মরদেহ উত্তোলনের নির্দেশ প্রত্যাহারের অনুরোধ জানায়। শুনানি শেষে আদালত আগের আদেশ বাতিল করেন।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর মা নিলুফা জামান চৌধুরী ও বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী তাঁর নিউ ইস্কাটনের বাসায় যান। সেখানে উপস্থিত ব্যক্তিরা জানান, তিনি ঘুমিয়ে আছেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে ফোন করে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। ঘটনার দিনই রমনা থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়। পরবর্তী সময়ে বিভিন্ন তদন্ত সংস্থা ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়।

তবে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন গ্রহণসংক্রান্ত আদেশ বাতিল করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে মামলার আওতায় আনা হয়েছে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Link copied!