পরীমনির ঘটনায় বাধ্যতামূলক অবসরে বিতর্কিত এডিসি সাকলায়েন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০৮:১২ পিএম

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার এবং বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা অনুবিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

২০২১ সালের ৯ জুন সাভারের ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ১৪ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী পরীমনি। ওই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সাকলায়েন। পরীমনির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং বিষয়টি নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়।

পরে একই বছরের ১৮ জুলাই নাসির উদ্দিন মাহমুদ পরীমনির বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালতে পাল্টা মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে ৪ আগস্ট র‍্যাব পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে বিদেশি মদসহ গ্রেপ্তার দেখায়। এরপর তিন দফায় মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ১ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।

এর আগে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ইউনিটে সংযুক্ত করা হয়। পরে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।

 

১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, ডিএমপির ডিবিতে দায়িত্ব পালনের সময় সাকলায়েন ও পরীমনির মধ্যে পরিচয়ের সূত্র ধরে যোগাযোগ গড়ে ওঠে এবং পরে তিনি পরীমনির বাসায় নিয়মিত যাতায়াত ও অবস্থান করতেন। পুলিশের এলআইসি শাখার মোবাইল ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় তিনি পরীমনির বাসায় অবস্থান করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Link copied!