ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও দুই নায়িকাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’- এর বাকি অংশের শুটিং সম্পন্ন করতেই চলতি মাসে সেখানে উড়াল দেবে নির্মাতা সাকিব ফাহাদের পুরো টিম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
‘সোলজার’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
গত বছর প্রকাশিত সিনেমাটির মোশন পোস্টারে গল্পের আভাস দেওয়া হয়েছিল। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমায় দর্শকরা শাকিব খানকে এক ভিন্ন রূপে দেখতে পাবেন। দেশপ্রেম, ন্যায়বিচার এবং সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদের বার্তা নিয়ে এগিয়ে যাবে ‘সোলজার’-এর গল্প।
২০২৫ সালের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। প্রাথমিকভাবে একই বছরের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি সিনেমাটির মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে নির্মাতা জানান, নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত না হলেও ২০২৬ সালের মধ্যেই সিনেমাটি দর্শকদের সামনে আনার লক্ষ্য রয়েছে।
এ প্রসঙ্গে নির্মাতা সাকিব ফাহাদ বলেন, “এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য সিনেমাটির কাজ নিখুঁতভাবে শেষ করা। অক্টোবর কিংবা ডিসেম্বর— দুই সময়ই মুক্তির জন্য উপযোগী। শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
ঈদের বাইরে অন্য সময়েও বড় বাজেটের সিনেমা মুক্তির বিষয়ে আশাবাদী এই নির্মাতা। তার মতে, ভালো সিনেমা শুধু উৎসবকেন্দ্রিক না হয়ে সারা বছরই মুক্তি পাওয়া উচিত। দর্শক ও হলমালিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই ‘সোলজার’কে ভিন্ন সময়ে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :