গর্ভে মেয়েকে নিয়ে এতদিন কোথায় ছিলেন বুবলী?

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ০৭:৩০ পিএম

দীর্ঘ কয়েক মাসের আড়ালে থাকা, নীরবতা এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। মাতৃত্বকালীন সময়টি তিনি ব্যক্তিগতভাবে গোপনে কাটিয়েছেন— এমনটাই এখন স্পষ্ট হয়েছে তার সাম্প্রতিক প্রকাশের মাধ্যমে। দীর্ঘ এই অনুপস্থিতিতে তিনি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, সিনেমার প্রচার-প্রচারণা থেকেও নিজেকে দূরে রেখেছিলেন।

গত কয়েক মাস ধরে বুবলীকে বড় পর্দার কোনো প্রিমিয়ার, সংবাদ সম্মেলন বা প্রচারণামূলক অনুষ্ঠানে দেখা যায়নি। বছরের শুরু থেকেই তিনি প্রায় আড়ালে চলে যান। এতে ভক্তদের মধ্যে কৌতূহল ও গুঞ্জন বাড়তে থাকে। অনেকেই ধারণা করেন, তিনি হয়তো বিদেশে অবস্থান করছেন কিংবা মাতৃত্বকালীন কারণে বিরতিতে আছেন।

ভক্তরা গত বছরের অক্টোবরের দিকে জানতে পারেন, তিনি মা হতে চলেছেন। তবে সেই সময় তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি এবং পুরো বিষয়টিকে ব্যক্তিগত বলে এড়িয়ে যান। পরবর্তীতেও মাতৃত্ব নিয়ে তিনি প্রকাশ্যে কিছু জানাননি।

অবশেষে গত শুক্রবার (৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১১ মে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া কামনা করেন।

এই খবর প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। একই সঙ্গে নতুন করে প্রশ্ন ওঠে— এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন এবং কীভাবে কাটিয়েছেন মাতৃত্বকালীন দিনগুলো?

শোবিজ অঙ্গনের একাংশের ধারণা ছিল, তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। কারণ এর আগেও সন্তান জন্মের সময় তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, এবার তার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। কেউ কেউ আবার দাবি করেন, ভিসা ও অভিবাসন-সংক্রান্ত জটিলতার কারণেও তা সম্ভব হয়নি।

পরবর্তীতে জানা যায়, পুরো মাতৃত্বকালীন সময় তিনি ঢাকাতেই ছিলেন এবং চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তিনি খুবই সীমিত চলাফেরা করেছেন এবং আড়াল বজায় রেখে হাসপাতালেও গিয়েছেন বলে জানা গেছে।

মা হওয়ার কয়েক মাস আগপর্যন্তও তিনি শুটিং ও বিভিন্ন বিজ্ঞাপনের কাজ চালিয়ে যান। এমনকি পরিচালক রায়হান রাফির প্রেশার কুকার সিনেমার শুটিংও করেন তিনি, যা গত ঈদুল ফিতরে মুক্তি পায়। তবে সিনেমাটি মুক্তি পেলেও প্রচারণায় তাকে দেখা যায়নি, যা তখন অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

সাধারণত নিজের সিনেমার প্রচারে সরব থাকেন বুবলী—হল ভিজিট থেকে শুরু করে গণমাধ্যমের মুখোমুখি হওয়া পর্যন্ত। কিন্তু এবার তার অনুপস্থিতি নিয়ে নানান আলোচনা তৈরি হয়। পরিচালকও তখন জানিয়েছিলেন, তিনি অসুস্থতার কারণে প্রকাশ্যে আসতে পারছেন না।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই মাতৃত্বের খবর প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্ম হয় তার প্রথম সন্তান শেহজাদ খান বীরের, যার বাবা জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ২০২২ সালে তারা সন্তান জন্মের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

এবার দ্বিতীয় সন্তানের খবরটি তিনি তুলনামূলকভাবে আগেই প্রকাশ করলেন, যা ঘিরে তার ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

Link copied!