আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১১:১৬ পিএম

আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি

ফাইল ফটো

চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে ঘিরে শোবিজ অঙ্গনে একাধিকবার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে ব্যক্তিজীবন ও সম্পর্ক নিয়ে এতদিন নীরব থাকলেও এবার প্রথমবারের মতো এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সম্প্রতি একটি আলোচনামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ব্যক্তিজীবনের নানা বিষয় তুলে ধরেন দীঘি। সেখানে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে জানান, জীবনে কখনোই তিনি প্রেমের সম্পর্কে জড়াননি। সুযোগ থাকলেও সচেতনভাবেই এমন কোনো সম্পর্কে যাননি বলে উল্লেখ করেন তিনি।

এর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দীঘি বলেন, ছোটবেলা থেকেই তিনি পরিবারের কঠোর তত্ত্বাবধানে বড় হয়েছেন। বিদ্যালয়ে পড়ার সময় থেকে তার চলাফেরা ছিল নির্দিষ্ট নিয়মের মধ্যে। পরিবারের সদস্যরা নিয়মিত বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে তার খোঁজখবর নিতেন। এমনকি মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত তার নিজের কোনো মুঠোফোনও ছিল না।

অভিনেত্রীর ভাষ্য, দীর্ঘদিন এমন পরিবেশে বেড়ে ওঠায় প্রেম করার মতো সুযোগ কিংবা মানসিক প্রস্তুতি কোনোটিই তৈরি হয়নি।

একসময় কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি এবং পরে মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে দীঘির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব আলোচনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

দীঘি বলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। তাদের কারও সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল না এবং এ ধরনের গুঞ্জনের কোনো সত্যতা নেই।

Link copied!