২ সন্তানসহ তৃতীয় স্ত্রী নিয়ে হানিমুনে আমির খান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০৮:১৩ পিএম

২ সন্তানসহ তৃতীয় স্ত্রী নিয়ে হানিমুনে আমির খান

ফাইল ফটো

বিবাহের এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে তৃতীয় স্ত্রী গৌরি স্প্র্যাটকে নিয়ে অস্ট্রেলিয়ায় গেছেন বলিউড তারকা আমির খান। তবে এই সফরে শুধু নবদম্পতিই নন, তাদের সঙ্গে রয়েছে দুই সন্তানও।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বর্তমানে মেলবোর্নে অবস্থান করছেন আমির ও গৌরি। সফরে তাদের সঙ্গী হয়েছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান এবং গৌরির প্রথম সংসারের ছেলে কুইন স্প্র্যাট।

জানা গেছে, মেলবোর্নে একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন আমির খান। উৎসবের আনুষ্ঠানিকতা শেষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কয়েক দিন অবকাশ কাটাবেন তিনি। শুধু মধুচন্দ্রিমাই নয়, নতুন পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে সময় কাটানোও এই সফরের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে আজাদ ও কুইনের মধ্যে পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করে তুলতে চান এই অভিনেতা।

এদিকে, বিয়ের পর নতুন বাসভবনে ওঠার প্রস্তুতিও নিচ্ছেন আমির। জানা গেছে, পালি হিলের বর্তমান বাড়ি ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে বসবাস করবেন তিনি। সেখানে আমির ও গৌরির পাশাপাশি কাছাকাছি থাকবেন কিরণ রাও ও ছেলে আজাদ, বড় ছেলে জুনায়েদ খান, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন।

 

উল্লেখ্য, গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির খান ও গৌরি স্প্র্যাট। অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন।

Link copied!