শ্রীলঙ্কার আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যালে প্রশংসায় ভাসল বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০২:৪৯ পিএম

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল (SICFF-2026)-এ বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উৎসবে অংশ নেওয়া এক বাংলাদেশি শিল্পী এ অভিজ্ঞতাকে দেশের সংস্কৃতি ও লাল-সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে তুলে ধরার গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করতে পারা অত্যন্ত গর্বের বিষয়। আন্তর্জাতিক অঙ্গনের শিল্পী ও আয়োজকদের কাছ থেকে বাংলাদেশের পরিবেশনার প্রশংসা পাওয়া দেশের শিল্পীদের জন্য বড় প্রাপ্তি। তিনি আরও জানান, এই আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় দিব্য সাংস্কৃতিক সংগঠনের কর্ণধার, বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্যগুরু দীপা খন্দকারের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ। একই সঙ্গে পুরো আয়োজন দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য মো. জোবায়ের হোসেন নাঈমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া দিব্য সাংস্কৃতিক সংগঠনের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথাও স্মরণ করেন তিনি। শ্রীলঙ্কা আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল (SICFF-2026) কর্তৃপক্ষের আতিথেয়তা ও সম্মান প্রদর্শনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।

সবশেষে দেশের সকল শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁদের ভালোবাসা, শুভকামনা ও অনুপ্রেরণাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শক্তি জুগিয়েছে।

Link copied!