প্রথমবারের মতো মা হতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০২:২৫ পিএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রথমবারের মতো মা হতে চলেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে এখনো তিনি কিংবা তার স্বামী নির্মাতা রাজ নিদিমরু আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছে, গত বছরের ১ ডিসেম্বর বিয়ের পর এই তারকা দম্পতি এখন সন্তান আগমনের অপেক্ষায় রয়েছেন।

সম্প্রতি সামান্থার অভিনীত নতুন ছবি “মা ইনতি বানগারাম” এর সাফল্য উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার শারীরিক পরিবর্তন দেখে অনেকেই ধারণা করছেন তিনি অন্তঃসত্ত্বা। এরপর থেকেই ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

সামান্থা ও রাজ নিদিমরুর পরিচয় হয় জনপ্রিয় ওয়েব সিরিজ “দ্য ফ্যামিলি ম্যান” এর শুটিংয়ের সময়। কাজের সূত্রে গড়ে ওঠা সেই পরিচয় ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়। পরে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসাথে দেখা যাওয়ায় প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। শেষ পর্যন্ত গত বছরের ডিসেম্বরে তারা বিয়ের মাধ্যমে সম্পর্ককে আনুষ্ঠানিকতা দেন।

বিয়ের পর সামান্থার একটি পুরোনো সাক্ষাৎকারও নতুন করে আলোচনায় আসে, যেখানে রাজের পাঠানো একটি ভিডিও বার্তা দেখে তাকে আবেগাপ্লুত হতে দেখা যায়। সেখানে রাজ তার পেশাদারিত্ব এবং তামিল ও তেলুগু দুই ইন্ডাস্ট্রিতে সমান দক্ষতার সঙ্গে কাজ করার প্রশংসা করেন।

এরই মধ্যে “মা ইনতি বানগারাম” ছবিতে আবারও একসঙ্গে কাজ করেছেন রাজ ও সামান্থা। ছবিটি পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি এবং প্রযোজনার দায়িত্বে ছিলেন রাজ নিদিমরু।

এর আগে দুই হাজার উনিশ সালে মুক্তিপ্রাপ্ত “ওহ বেবি” ছবিতেও সামান্থা ও নন্দিনী রেড্ডির সফল জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

 

উল্লেখ্য, রাজ নিদিমরুকে বিয়ের আগে সামান্থা অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন। চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয়। পরে নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।

Link copied!