দুর্ঘটনায় আহত অভিনেতা ফারহান আহমেদ জোভান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০৭:২৬ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে চারটার দিকে বিষয়টি তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেন। একইসঙ্গে তিনি আহত অবস্থার একটি ছবি পোস্ট করে দুর্ঘটনার অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শেয়ার করেন এবং সবার সতর্ক থাকার আহ্বান জানান।

নিজের পোস্টে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে তিনি বাইক দুর্ঘটনার শিকার হন। আল্লাহর রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, ঘটনাটি তাকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দিয়েছে।

তিনি আরও লেখেন, অনেক সময় রাস্তায় আমরা অল্প সময় বাঁচাতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কথা ভাবি বা নিজেদের দক্ষতা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ি। কিন্তু দুর্ঘটনা কখন, কোথায় এবং কীভাবে ঘটবে তা পূর্বানুমান করা যায় না। সামান্য অসতর্কতাও জীবন বদলে দিতে পারে।

জোভান বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দেন। তিনি বলেন, পরিবারের কথা মাথায় রেখে নিরাপদে গন্তব্যে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমনকি এতে কিছুটা দেরি হলেও।

 

এদিকে তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য করছেন।

Link copied!