নব্বইয়ের দশকের শেষভাগে মুক্তিপ্রাপ্ত ‘হঠাৎ বৃষ্টি’ শুধু একটি সফল চলচ্চিত্রই ছিল না, এটি ছিল একটি প্রজন্মের আবেগ, ভালোবাসা ও স্মৃতির অংশ। ১৯৯৮ সালে কোরবানি ঈদ উপলক্ষে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর সিনেমাটি দর্শকদের হৃদয়ে যে জায়গা করে নিয়েছিল, তা আজও অটুট রয়েছে।
সেই স্মরণীয় গল্পকেই নতুন আঙ্গিকে ফিরিয়ে আনছেন নির্মাতা কামরুজ্জামান। প্রায় ২৭ বছর পর ‘আবার হঠাৎ বৃষ্টি’ শিরোনামে নির্মিত হয়েছে ছবিটির রিমেক, যা নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটির শুটিং তিন মাস আগেই শেষ হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতিও পেয়েছে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে আসন্ন পূজার ছুটিতে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিচালক কামরুজ্জামানের ভাষ্য, বাংলা চলচ্চিত্রের একটি কালজয়ী প্রেমের গল্পকে নতুনভাবে উপস্থাপন করা সহজ কাজ নয়। তাই বর্তমান সময়ের দর্শক, জীবনযাপন ও সম্পর্কের বাস্তবতা বিবেচনায় রেখেই চিত্রনাট্য ও নির্মাণশৈলীতে পরিবর্তন আনা হয়েছে।
১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’তে ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। নতুন সংস্করণে সেই জনপ্রিয় চরিত্রগুলোয় অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। মূল ছবির চরিত্রকে সম্মান জানিয়ে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীতে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন আরিয়ান।
নিজের ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্রেই এমন একটি আইকনিক চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন এই তরুণ অভিনেতা।
‘আবার হঠাৎ বৃষ্টি’তে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরী। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।
নব্বইয়ের দশকের সেই রোমান্টিক আবহ ও আবেগ নতুন প্রজন্মের দর্শকদের কতটা স্পর্শ করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা সিনেমাপ্রেমীদের।
আপনার মতামত লিখুন :