নেপাল সফরে প্রভার রহস্যময় পোস্ট, নতুন প্রেমের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১২:৩৬ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন। তবে এবার কোনো নাটক কিংবা নতুন কাজ নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু রহস্যময় পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। ভক্ত-অনুরাগীদের অনেকেই প্রশ্ন তুলছেন— তবে কি জীবনে নতুন করে ভালোবাসার মানুষের আগমন ঘটেছে এই অভিনেত্রীর?

বর্তমানে ব্যস্ততা থেকে কিছুটা দূরে সময় কাটাচ্ছেন প্রভা। অবকাশযাপনের জন্য তিনি অবস্থান করছেন নেপালে। সেখানকার মনোমুগ্ধকর পাহাড়, মেঘ আর প্রকৃতির সৌন্দর্যের নানা মুহূর্ত নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তিনি। সম্প্রতি প্রকাশ করা কয়েকটি ছবির মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের।

ছবিটিতে দেখা যায়, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে হাতে একটি লাল রঙের বেলুন নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন প্রভা। বেলুনটিতে ইংরেজিতে লেখা ছিল—‘I Love You’। এই একটি ছবিই ভক্তদের মনে নানা জল্পনার জন্ম দিয়েছে। অনেকের ধারণা, হয়তো বিশেষ কাউকে উদ্দেশ্য করেই এমন বার্তা দিয়েছেন অভিনেত্রী।

এরপর আরও একটি ছবি প্রকাশ করেন প্রভা, যা নতুন করে আলোচনার জন্ম দেয়। ছবিতে দেখা যায়, টেবিলে দুটি খাবারের প্লেট সাজানো। যদিও ফ্রেমে প্রভাকে একাই দেখা গেছে, তবে অন্য প্লেটটি কার জন্য কিংবা তার বিপরীতে কে ছিলেন— সেই রহস্য উন্মোচন করেননি তিনি। ছবির ক্যাপশনে শুধু লিখেছেন, ‘লাঞ্চ করেছেন?’

দুটি প্লেটের উপস্থিতি এবং সংক্ষিপ্ত এই ক্যাপশন ঘিরে সামাজিক মাধ্যমে নতুন প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি প্রভা। ফলে বিষয়টি আপাতত ভক্তদের কৌতূহল এবং নেটদুনিয়ার আলোচনাতেই সীমাবদ্ধ রয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা অপূর্বর সঙ্গে এবং পরে ২০১৪ সালে মাহমুদ শান্তর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানেন প্রভা। এরপর দীর্ঘ সময় ধরে তিনি একাই জীবন কাটাচ্ছেন। নেপাল সফরের এই রহস্যময় পোস্টগুলো তার জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত কি না, সেই প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গেই।

Link copied!