প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ সময় নীরব থাকার পর এবার তিনি প্রকাশ্যে নিজের অভিজ্ঞতা ও মানসিক যন্ত্রণার কথা তুলে ধরেছেন।
সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা সাইবার বুলিংকারীদের মানসিকতা, অনলাইন হয়রানির ভয়াবহতা এবং সমাজে প্রচলিত ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতার সমালোচনা করেন। একই সঙ্গে তিনি বছরের পর বছর ধরে সহ্য করা অপমান ও মানসিক চাপের বিষয়েও কথা বলেন।
ভিডিওতে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা না বললেও এখন দায়িত্ববোধ থেকে কিছু বাস্তবতা তুলে ধরছেন। তার মতে, যারা অন্যকে অনলাইনে আক্রমণ ও উপহাস করে, তারা অনেক সময় নিজেদের ভেতরের অসন্তুষ্টি ও নিরাপত্তাহীনতা থেকেই এমন আচরণ করে।
তিনি আরও দাবি করেন, সাইবার বুলিংকারীরা সাধারণত নিজেদের জীবনের হতাশা ও ইনসিকিউরিটি থেকে অন্যদের লক্ষ্য করে আক্রমণাত্মক হয়ে ওঠে। তার ভাষায়, দীর্ঘদিন ধরে তিনি এই ধরনের বুলিংয়ের শিকার হয়ে আসছেন।
প্রভা অনলাইন হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা অন্যের ক্ষতি করে বা প্রাইভেসি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। তার মতে, ভুক্তভোগীকে নয় বরং অপরাধীদেরই জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :