বেনজীর গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০৯:৫৩ এএম

দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কারণ, এই ঘটনায় তাঁর প্রতিক্রিয়া ছিল মাত্র একটি শব্দ— ‘মজা’।

রোববার (১৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদের গ্রেপ্তারসংক্রান্ত একটি সংবাদ ফটোকার্ড শেয়ার করেন পরীমনি। পোস্টটির ক্যাপশনে তিনি শুধু লেখেন, ‘মজা’। সংক্ষিপ্ত এই মন্তব্যের কোনো ব্যাখ্যা না দিলেও তা মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অনেকের ধারণা, ২০২১ সালে রাজধানীর একটি বোট ক্লাবকে কেন্দ্র করে ঘটে যাওয়া বহুল আলোচিত ঘটনার সঙ্গে পরীমনির এই প্রতিক্রিয়ার যোগসূত্র থাকতে পারে। ওই ঘটনার পর অভিনেত্রীকে নানা আইনি ও ব্যক্তিগত জটিলতার মুখোমুখি হতে হয়েছিল, যা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে।

এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার সূত্র ধরে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির নানা অভিযোগ তদন্ত করে আসছে দুদক।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে দেশ ছাড়েন সাবেক এই পুলিশপ্রধান। এরপর থেকে তিনি জনসম্মুখে খুব একটা দেখা দেননি। বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন।

বেনজীর আহমেদের গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব প্রতিক্রিয়া জানালেও সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে পরীমনির এক শব্দের মন্তব্য—‘মজা’।

Link copied!