প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের পুরোনো বিতর্ক ফের আলোচনায়

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১০:৪১ এএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

প্রায় ১৬ বছর আগে ঘটে যাওয়া অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে শোবিজ অঙ্গনে। সম্প্রতি সহশিল্পী ও নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানো শুরু করলে ঘটনাটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তখনকার সময়ে বিচার না হওয়া নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।

সম্প্রতি এক ফেসবুক লাইভে প্রভা নিজেই সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, ঘটনার পর তিনি তীব্র মানসিক চাপের মধ্য দিয়ে গেছেন এবং দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও হয়রানির শিকার হয়েছেন। তার এই বক্তব্য প্রকাশের পর সহকর্মী ও ভক্তদের একটি অংশ তার প্রতি সহানুভূতি ও সমর্থন জানায়।

এরপর নির্মাতা শিহাব শাহীন নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রভা ও তার সাবেক বাগদত্তা রাজিব হাসানের একটি পুরোনো ছবি শেয়ার করে মন্তব্য করেন। তিনি দাবি করেন, ঘটনার পর রাজিবের সঙ্গে তার কথা হয়েছিল এবং সেই সময়ে দেওয়া ব্যাখ্যার কোনো সত্যতা পরে পাওয়া যায়নি। তিনি আরও উল্লেখ করেন, তখনকার সময়ে যথাযথ আইন ও বিচার প্রক্রিয়ার ঘাটতির কারণে বিষয়টি আইনি পরিণতি পায়নি, এবং বেশিরভাগ দোষ চাপানো হয়েছিল প্রভার ওপর।

অন্যদিকে, অভিনেত্রী ফারিন খান প্রশ্ন তোলেন, এত বড় ঘটনার পরও কেন অভিযুক্ত ব্যক্তি শাস্তির মুখোমুখি হয়নি। একই সঙ্গে অভিনেত্রী সিনথিয়া বলেন, দীর্ঘদিন ধরে প্রভাকে কাজের সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়েছে, যদিও বর্তমানে অনেকেই তার পাশে দাঁড়াচ্ছেন। তিনি প্রভাকে বড় প্রজেক্টে কাস্ট করার মাধ্যমে তাকে ভিক্টিম হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক নেটিজেনই প্রশ্ন তুলছেন— কেন সেই ঘটনার সঠিক বিচার হয়নি এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা যায়নি।

 

উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রভা। তবে বিয়ের অল্প সময়ের মধ্যেই তার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিগত ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ঘটনাটি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং তার ব্যক্তিগত ও দাম্পত্য জীবনে গভীর প্রভাব ফেলে, যার পরিণতিতে অপূর্বের সঙ্গে তার দাম্পত্য সম্পর্কের অবসান ঘটে।

Link copied!