অভিনেত্রীর বাসায় ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে রহস্য

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০৫:৫৬ পিএম

কন্নড় চলচ্চিত্র জগতের অভিনেত্রী কৃষি থাপান্ডার বাসায় ব্যবসায়ী বৈশাখের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও রহস্য। ব্যাঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগর এলাকায় অভিনেত্রীর নিজ বাসা থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে।

প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী কৃষি থাপান্ডা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে বলেন, এমন একটি বেদনাদায়ক ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলতে হবে— এটি তিনি কখনো কল্পনাও করেননি।

তিনি আরও জানান, শুরুতে তিনি নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ঘটনার পর থেকে ক্রমাগত গুজব, অনুমান এবং তাকে, তার ঘনিষ্ঠজন ও দুই পরিবারের সদস্যদের উদ্দেশে একের পর এক প্রশ্ন তোলা হচ্ছিল। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে কথা বলছেন বলে জানান।

কৃষি থাপান্ডা লেখেন, ঘটনাটির মধ্য দিয়ে তিনি একজন অত্যন্ত কাছের মানুষকে হারিয়েছেন, যিনি সবসময় তার পাশে ছিলেন, তাকে সুরক্ষা দিয়েছেন এবং নিঃস্বার্থভাবে যত্ন নিয়েছেন। এই শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন, আর এই ঘটনার পর তা আরও তীব্র হয়েছে। মনে হচ্ছে, জীবনের পথচলায় নিজেরই একটি অংশ হারিয়ে ফেলেছেন তিনি।

ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়া গুজব ও ভিত্তিহীন ধারণা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে বলেও মন্তব্য করেন অভিনেত্রী। তিনি বলেন, শোক প্রকাশের সুযোগও তিনি ঠিকভাবে পাননি, কারণ চারপাশে একের পর এক অনুমান ও আলোচনা চলছিল।

এই কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি পরিবার তাদের সন্তানকে হারিয়েছে, বন্ধুরা হারিয়েছে প্রিয় একজন মানুষকে— এমন সময়ে গুজব ছড়ানো বা শোককে গল্পে পরিণত করা উচিত নয়।

 

তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বৈশাখকে শান্তিতে বিদায় দিতে দেওয়া হোক এবং তার পরিবার ও ঘনিষ্ঠজনদের যেন মর্যাদা ও গোপনীয়তার সঙ্গে শোক পালন করতে দেওয়া হয়। এ কারণে তিনি মন্তব্যের সুযোগও বন্ধ করে দেন।

Link copied!