অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিজীবনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইলের একটি পরিবর্তনের পর থেকেই মূলত এই আলোচনার সূত্রপাত।
গত সোমবার (২৯ জুন) তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে সম্পর্কের অবস্থা পরিবর্তন করে এমন একটি ইঙ্গিত দেন, যেখানে বোঝা যায় তিনি আর একা নন। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় জল্পনা—তাহলে কি সত্যিই বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী?
তবে এ ধরনের বাগদানের খবর সরাসরি অস্বীকার করেছেন নাজনীন নীহা। তিনি জানান, তিনি কোথাও আনুষ্ঠানিকভাবে বাগদানের কথা বলেননি। তার ভাষায়, তিনি শুধু জানিয়েছেন যে তিনি এখন আর একা নন এবং কারও সঙ্গে সম্পর্কে আছেন। বিস্তারিত সময় হলে জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রেমিকের পরিচয় সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী বলেন, বিশেষ সেই মানুষটির পরিচয় এখনই প্রকাশ করতে চান না তিনি। উপযুক্ত সময় এলে সবকিছু প্রকাশ করবেন বলে জানান নীহা। বর্তমানে সম্পর্ক নিয়ে অতিরিক্ত কিছু বলতে অনাগ্রহী বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, তিনি নিজের অবস্থান থেকে সততার সঙ্গে বিষয়টি প্রকাশ করতে চেয়েছেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন, যাতে বিষয়টি গোপন না থাকে।
এদিকে বিভিন্ন সূত্রের বরাতে কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, একজন পাকিস্তানি তরুণের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। কয়েক মাস আগে বিদেশ সফরের সময় তাদের পরিচয় হয় এবং পরে সম্পর্ক গড়ে ওঠে বলেও দাবি করা হয়। তবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হলুদ রঙে রাঙানো দুটি হাতের একটি ছবি প্রকাশ করে তিনি আবারও আলোচনায় আসেন। তখন বিয়ের গুঞ্জন ছড়ালেও পরে তিনি সেটিকে একটি নাটকের প্রচারণা বলে ব্যাখ্যা করেছিলেন।
আপনার মতামত লিখুন :