বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বরেণ্য চিত্রনায়িকা রোজিনা। উত্তরার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন এবং এফডিসির বর্তমান পরিবেশ নিয়ে নিজের দীর্ঘদিনের অসন্তোষের কথা তুলে ধরেন।
রোজিনার অভিযোগ, এবারের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না। ভোটগ্রহণ থেকে ফলাফল প্রকাশ— পুরো প্রক্রিয়াতেই তিনি নানা ধরনের অসংগতি লক্ষ্য করেছেন বলে দাবি করেন। একই সঙ্গে এফডিসির বর্তমান পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, সেখানে এখন আর আগের সেই সম্মান, মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নেই।
এই হতাশা থেকেই তিনি একটি ব্যক্তিগত ইচ্ছার কথাও প্রকাশ করেন। রোজিনা বলেন, ভবিষ্যতে তিনি আর শিল্পী সমিতিতে যাবেন কি না, তা নিজেও জানেন না। তবে মৃত্যুর পর যেন তার মরদেহ এফডিসিতে নেওয়া না হয়—এ বিষয়ে তিনি আগেই পরিবারের সদস্যদের স্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন।
তিনি বলেন, এটি কোনো সাময়িক আক্ষেপের বহিঃপ্রকাশ নয়; বরং দীর্ঘদিন ধরে জমে থাকা কষ্ট থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, বর্তমান সময়ে অনেকের মধ্যেই প্রবীণ শিল্পীদের প্রতি প্রয়োজনীয় সম্মান ও শ্রদ্ধাবোধের অভাব দেখা যাচ্ছে।
স্মৃতিচারণ করতে গিয়ে রোজিনা নায়করাজ রাজ্জাকের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্জাকও একসময় অভিমান থেকে মৃত্যুর পর তাকে যেন এফডিসিতে নেওয়া না হয়—এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন। বর্তমান পরিবেশ ও মানুষের আচরণের পরিবর্তন দেখে তিনিও অনেক আগেই একই সিদ্ধান্ত নিয়েছেন।
শিল্পী সমিতির নির্বাচনে নিজের পরাজয় প্রসঙ্গে রোজিনা বলেন, তাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে— এমন অভিযোগ তিনি করছেন না। কারণ, মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার সিদ্ধান্ত তিনি অনেক আগে থেকেই নিয়েছিলেন এবং বিষয়টি পরিবারের সদস্যদের সঙ্গেও আলোচনা করেছিলেন।
তবে এফডিসির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছেন না বলেও জানান এই বরেণ্য অভিনেত্রী। তিনি বলেন, সরকারি কোনো অনুষ্ঠান কিংবা প্রযোজক সমিতির সদস্য হিসেবে বিশেষ প্রয়োজন হলে সেখানে যেতে পারেন। কিন্তু ব্যক্তিগত বা সাধারণ কোনো কারণে এফডিসিতে যাওয়ার আর কোনো আগ্রহ তার নেই।
আপনার মতামত লিখুন :