নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, শোকের ছায়া

আহসান হাবিব শিবলু , গাবতলী (বগুড়া) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৭:০৮ পিএম

বগুড়ার গাবতলী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (১০) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তরফসরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে। সে তরফসরতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান নানার বাড়িতে বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে বটিয়াভাঙ্গা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত সুখদহ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানার কারণে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গীরা বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদী থেকে মেহেদীর নিথর দেহ উদ্ধার করেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, সুখদহ নদীতে গত এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় কিশোরের মৃত্যুর ঘটনা। এর আগে গত ৩১ মে গাবতলীর নেপালতলী বুরুজ এলাকার সুখদহ নদীতে জিহাদ নামে আরেক শিশু নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরপর দুটি মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Advertisement

Link copied!