দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচির গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের মাধ্যমে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অধিবেশন শুরু হয়। নতুন সরকারের অধীনে এটি প্রথম বাজেট অধিবেশন, যেখানে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও অনুমোদনের কার্যক্রম সম্পন্ন হবে।
অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আহ্বানের পর অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়।
এবারের বাজেট অধিবেশনে আগামী অর্থবছরের রাজস্ব ও ব্যয় পরিকল্পনা, উন্নয়ন কর্মসূচি এবং সরকারের অর্থনৈতিক লক্ষ্য-উদ্দেশ্যের প্রতিফলন ঘটবে। বাজেট উপস্থাপনের পর এ বিষয়ে সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনা করবেন এবং প্রয়োজনীয় সংশোধনী ও মতামত প্রদান করবেন।
প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত বাজেট অধিবেশন দেশের আর্থিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল, যা ৩০ এপ্রিল শেষ হয়।
আপনার মতামত লিখুন :