সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে প্রান্তিক গবাদিপশু খামারিদের জন্য বিনামূল্যে ভ্যাকসিন ও কৃমিনাশক বিতরণ এবং সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, অঞ্চল টাঙ্গাইল-১-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৫০ জন খামারিকে গবাদিপশুর রোগ প্রতিরোধ, পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌহালী এলাকা ব্র্যাক ব্যবস্থাপক ইমরান হোসেন মোল্লা, কৃষি ও বিমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবী কর্মী মো. ইব্রাহীম হোসেন, চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ, শাখা ব্যবস্থাপক মো. মজিবুর রহমান, আবুল কালাম ও মাহমুদুল হাসান প্রমুখ।
কৃষি ও বিমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, "সুস্থ গরু, সমৃদ্ধ খামার এবং হাসিমুখে কৃষকের পরিবার গড়ে তুলতে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন প্রাণির রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে এবং খামারিদের অর্থনৈতিক ক্ষতি কমায়।"
কর্মসূচির আওতায় খামারিদের এনথ্রাক্সসহ তিনটি রোগ প্রতিরোধে ভ্যাকসিন এবং কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হয়। বিনামূল্যে এ সেবা পেয়ে খামারিরা সন্তোষ প্রকাশ করেন।
সচেতনতামূলক এ কার্যক্রমে উপকারভোগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান। ব্র্যাক চৌহালী শাখা ব্যবস্থাপক ইমরান হোসেন মোল্লা বলেন, গ্রামীণ দরিদ্র পরিবারের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্র্যাকের এ ধরনের উদ্যোগ উপকারভোগীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
আপনার মতামত লিখুন :