চুনারুঘাট পৌরসভায় ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান

নোমান মিয়া , চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ০৬:০৫ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পৌরসভা প্রশাসন।

রবিবার (৭ জুন) পৌরসভার মান্যবর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গালিব চৌধুরীর দিকনির্দেশনায় চুনারুঘাট থানার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী। এ সময় উপস্থিত ছিলেন লাইসেন্স পরিদর্শক বিউটি রানী দেবসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযান চলাকালে ট্রেড লাইসেন্স ছাড়া পরিচালিত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান চিহ্নিত করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি বিধি-বিধান অনুযায়ী বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয়। তাই পৌর এলাকার সকল ব্যবসায়ীকে দ্রুত চুনারুঘাট পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ বা নবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পৌরসভা প্রশাসন আরও জানায়, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালী করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!