বগুড়ার মোকামতলা উপজেলার শংকরপুর মালিপাড়া গ্রামে যাতায়াতের রাস্তা না থাকায় সাতটি পরিবারের প্রায় ২৩ জন সদস্য চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে চলাচলের পথ নিয়ে জটিলতায় তারা কার্যত অবরুদ্ধ জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, গ্রামের ভেতরে বসবাসরত এসব পরিবারের বাড়িতে যাওয়ার কোনো কার্যকর রাস্তা নেই। ফলে শিশু, নারী ও বয়স্ক সদস্যদের দৈনন্দিন চলাচল, চিকিৎসাসেবা গ্রহণ এবং প্রয়োজনীয় কাজকর্ম সম্পাদনে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন বিধবা সফুরো বেওয়া, শহিদুল ইসলাম, রিক্সা চালক সাইফুল ইসলাম, মৃত শরিফুল ইসলাম, মৃত সবুজ, সৈকত ও ক্ষুদ্র ব্যবসায়ী সাজুসহ সাতটি পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন।
বিধবা সফুরো বেওয়া বলেন, 'বছরের পর বছর ধরে আমরা রাস্তার সমস্যায় ভুগছি। অনেক সময় অন্যের জমি দিয়ে কষ্ট করে যাতায়াত করতে হয়।এখন অন্যের বাড়ির উপর দিয়ে যেতে দিচ্ছেনা। আমরা অবরুদ্ধ হয়ে পরেছি।
স্থানীয় বাসিন্দা সাজু ইসলাম বলেন, 'আমাদের পরিবারের সদস্যরা যেন নিজ বাড়িতেই বন্দি হয়ে আছেন। দ্রুত একটি স্থায়ী রাস্তার ব্যবস্থা না হলে দুর্ভোগ আরও বাড়বে।
এ বিষয়ে মোকামতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ আলমাস আলী সরকার বলেন, বিষয়টি জানার পর সাময়িকভাবে যাতায়াতের একটি ব্যবস্থা করা হয়েছে, যাতে পরিবারগুলো চলাচল করতে পারে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :