দেশের সার্বভৌমত্ব সুরক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে সীমান্তবর্তী ১১টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা।
সোমবার (৮ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে বিজিবি ও আনসার-ভিডিপির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় সীমান্ত এলাকায় আনসার ও ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হয়েছে।
রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি জেলায় উপজেলা ও থানা আনসার সদস্যদের পাশাপাশি ভিডিপি ও টিডিপি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহ নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের সদস্যদের প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আনসার-ভিডিপি জানিয়েছে, এই যৌথ উদ্যোগ জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে।
আপনার মতামত লিখুন :