চট্টগ্রামের চন্দনাইশে গ্রামের বাড়িতে একা বসবাসকারী আবদুর রহমান (৬৫) এর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, আবদুর রহমান দীর্ঘদিন দুবাইয়ে বসবাস করতেন। প্রায় দেড় বছর আগে দেশে ফিরে গ্রামের বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী বর্তমানে দুবাইয়ে চিকিৎসাধীন এবং তিন ছেলেসহ পরিবারের অন্য সদস্যরাও সেখানে বসবাস করেন।
পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে দুবাই থেকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এতে উদ্বিগ্ন হয়ে ছোট ছেলের স্ত্রীকে খোঁজ নিতে বলেন তারা। তিনি দোহাজারীর বাবার বাড়ি থেকে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করলে খাটের ওপর আবদুর রহমানের গলিত মরদেহ দেখতে পান।
পুলিশ জানায়, মরদেহে ব্যাপক পচন ধরেছিল এবং ঘরজুড়ে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি চায়ের দোকানে তাকে সর্বশেষ দেখা যায়।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিটন মিয়া বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন :