চট্টগ্রামে কোরবানির পশুর হাটের ইজারার প্রায় ৫ কোটি টাকা এখনো পরিশোধ করেনি ইজারাদার। নির্ধারিত সময় পেরিয়ে দেড় মাস অতিবাহিত হলেও বকেয়া অর্থ আদায় করতে পারেনি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
চসিক সূত্রে জানা গেছে, নগরের সবচেয়ে বড় পশুর বাজার সাগরিকা গরুর বাজার গত ঈদুল আজহা উপলক্ষে ৮ কোটি ৮ লাখ ৫ হাজার ৭৮৬ টাকায় মীরা মেরিন নামের একটি প্রতিষ্ঠান ইজারা নেয়। ভ্যাট ও করসহ চসিকের মোট ১০ কোটি ১১ লাখ টাকা রাজস্ব পাওয়ার কথা ছিল। ইজারার শর্ত অনুযায়ী বাজার শুরুর আগেই মোট অর্থের ৮০ শতাংশ পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি মাত্র সাড়ে ৪ কোটি টাকা পরিশোধ করে, যা মোট ইজারামূল্যের প্রায় ৪০ শতাংশ। ঈদুল আজহা শেষ হওয়ার দেড় মাস পরও বাকি প্রায় ৫ কোটি টাকা পরিশোধ করা হয়নি।
এর আগেও একই বাজারের ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। গত বছর সর্বোচ্চ দর ৭ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকার টেন্ডার কার্যকর না করে হাট কালেকশনের মাধ্যমে কম রাজস্বে বাজার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই সময় হাট কালেকশনের দায়িত্বে থাকা ব্যক্তি ৫৫ লাখ টাকা আটকে রাখেন, যা এখনো আদায় হয়নি।
চসিকের এক কর্মকর্তা জানান, বকেয়া অর্থ আদায়-সংক্রান্ত ফাইল এসেছে এবং আইনগতভাবে কীভাবে অর্থ আদায় করা যায় তা পর্যালোচনা করা হচ্ছে। মেয়রও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।
চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, "ইজারাদার এখনো সম্পূর্ণ অর্থ পরিশোধ করেননি। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে ইজারা বাতিলসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" এ বিষয়ে মীরা মেরিনের মালিক ফজলে আলিম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :