শরীয়তপুরে প্রায় ১০০ বছরের পুরোনো একটি চলাচলের রাস্তা কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এতে অন্তত ৮টি পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের দক্ষিণ হালইসার গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম হাওলাদার প্রায় ২০ দিন আগে চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেন। স্থানীয়দের দাবি, রাস্তাটি প্রায় ১০০ বছর ধরে গ্রামবাসীর চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে এবং এটি ৮টি পরিবারের একমাত্র যাতায়াতের পথ। বিকল্প কোনো রাস্তা না থাকায় স্কুল, মসজিদ, হাট-বাজারসহ নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভুক্তভোগী রাবেয়া বেগম বলেন, "এই রাস্তাটি পূর্বপুরুষদের সময় থেকেই ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হতে পারছি না। শিশুদের স্কুলে পাঠাতে এবং অসুস্থ কাউকে হাসপাতালে নিতেও কষ্ট হচ্ছে।" স্থানীয় বাসিন্দা সিদ্দিক সরদার বলেন, বাজারে যাওয়া, মসজিদে নামাজ আদায়সহ দৈনন্দিন সব কাজেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অভিযুক্ত মো. নুরুল ইসলাম হাওলাদার দাবি করেন, এখানে কোনো রাস্তা ছিল না এবং তিনি নিজস্ব জমিতে বেড়া দিয়েছেন।
ঘড়িসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, স্থানীয়ভাবে সমাধান সম্ভব হয়নি, তাই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং দ্রুত তদন্ত করে দুই পক্ষকে বসিয়ে সমাধানের চেষ্টা করা হবে।

আপনার মতামত লিখুন :