অপপ্রচার নয়, যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার দাবি

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ১০:৪১ এএম

অপপ্রচার নয়, যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার দাবি

ফাইল ফটো

কওমি মাদরাসার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, সংবাদমাধ্যমে প্রচারিত যৌন নিপীড়নের কিছু অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদরাসার বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচার চালানো হচ্ছে। সুষ্ঠু তদন্তের আগেই কিছু মহল মিডিয়া ট্রায়ালের সুযোগ নিচ্ছে, যা উদ্বেগজনক। এছাড়া দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মাদরাসার জায়গা-জমি দখলের চক্রান্তের অংশ হিসেবে মিথ্যা যৌন হয়রানির অভিযোগ তোলা হচ্ছে বলেও তারা জানান।

হেফাজতের দুই নেতা বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসাসহ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। কারো বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়। একই সঙ্গে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রয়োগের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।

সারা দেশের সব মাদরাসায় শিক্ষার মান, পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মাদরাসা পরিচালকদের প্রতি আহ্বান জানান তারা।

Link copied!