শাহরাস্তি থানায় দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, একজন সাজাপ্রাপ্ত

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৩:৩৬ পিএম

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ পৃথক অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট দু'জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

আজ শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় থানা পুলিশের পৃথক টিম বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে।

অভিযানের অংশ হিসেবে এএসআই (নিঃ) মো. আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সিআর-১০/২০২৫ (হাজীগঞ্জ) মামলার এক বছর মেয়াদী সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মাসুদ আলমকে (পিতা: কাজিমুদ্দিন পাটোয়ারী), সাং- বাদিয়া, ডাকবাংলো লোহাড়ী বাড়ি, পোঃ- বলশীদ, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর, গ্রেপ্তার করেন। তিনি যৌতুক নিরোধ আইনের ৩ ধারার মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ছিলেন।

অপরদিকে এএসআই (নিঃ) ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে সিআর-৩৪৯/২০২৫, এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলার পরোয়ানাভুক্ত আসামি সাজেদা বেগমকে (পিতা: ছমির উদ্দিন), সাং- রাগৈ (বাগ বাড়ি), পোঃ- রাগৈ-৩৬২০, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর, গ্রেপ্তার করেন।

শাহরাস্তি থানা পুলিশ জানায়, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে পরোয়ানা তামিল ও অপরাধ দমন অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Link copied!