সীমান্তে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াত-এনসিপি জোটের

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৬:৪০ পিএম

ভারত থেকে বাংলাদেশে অব্যাহত পুশইন বন্ধ এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বুধবার রাজধানীর ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ জুন দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় মানববন্ধন এবং ১৫ জুন ঢাকায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, গত তিন মাসে ভারত ৫০ বারের বেশি পুশইনের চেষ্টা করেছে এবং গত ১০০ দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ১৯ জন নিরীহ বাংলাদেশি নিহত হয়েছেন।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, এসব ঘটনায় সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। তিনি অভিযোগ করেন, সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য জাতীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘনের শামিল।

Link copied!