মোকামতলায় ইয়াসিন-সুমন হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

মোঃ মোস্তাকিম রুবেল , মোকামতলা বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৬:৫৬ পিএম

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধে নিহত সুমন ও ইয়াসিন হত্যার বিচার দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় দেড় ঘণ্টা যাবৎ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

অবরোধে নিহত দুজনের স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অবরোধে অংশ নেওয়া নিহত সুমনের স্ত্রী রিমু, ভাই সাকিব আল হাসান ও নিহত ইয়াসিনের স্ত্রী সখী বেগম অভিযোগ করে বলেন, তাঁদের স্বামীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ২২ দিন পেরিয়ে গেলেও আসামিদের বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ ঘটনায় অভিযুক্ত রাহাদ, রাব্বি, আওলাদ, জাহিদুল, ফেরদৌস,রেজাউল, জাফর, আনোয়ার ও কাউসারের ফাঁসি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে রায় কার্যকরের দাবি জানান তাঁরা। কর্মসূচি চলাকালে স্থানীয় প্রশাসনের সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

 

Advertisement

Link copied!