শহরের শৃঙ্খলা ফেরাতে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান

জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ০৮:১৮ পিএম

কিশোরগঞ্জ জেলা শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচলের উপযোগী করে তুলতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

বুধবার (১০ জুন) জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে কালীবাড়ি মুক্তমঞ্চ থেকে রথখলা, তেরিপট্টি মোড় হয়ে জাহাঙ্গীর মোড় পর্যন্ত প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং বিভিন্ন দোকানের অতিরিক্ত সম্প্রসারিত অংশ (এক্সটেনশন) অপসারণ করা হয়।

এ সময় দোকানের নির্ধারিত সীমানার বাইরে রাখা বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়া হয়, ফলে পথচারীদের চলাচল আরও স্বাভাবিক ও নিরাপদ হয়।

জনস্বার্থে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাজমুস সাকিব খান (পিপিএম)। তিনি ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুইয়া জেলা , পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে অভিযানের কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

 

 

Advertisement

Link copied!