নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর রাজশাহী কলেজ

সুশ্রী সরকার , রাজশাহী কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৯:২৬ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে অনার্স প্রথম বর্ষের ক্লাস। নতুন শিক্ষার্থীদের পদচারণা, স্বপ্ন আর উচ্ছ্বাসে আবারও প্রাণ ফিরে পেয়েছে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজশাহী কলেজ। ঈদুল আজহার ছুটি শেষে আগামী রোববার সকাল থেকে ক্যাম্পাসজুড়ে দেখা যায় নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি।

নতুন বন্ধু, নতুন শিক্ষক এবং নতুন পরিবেশকে ঘিরে তাদের মধ্যে ছিল আনন্দ, কৌতূহল ও প্রত্যাশার মিশ্র অনুভূতি। সকাল থেকেই কলেজের বিভিন্ন বিভাগ, প্রশাসনিক ভবন, গ্রন্থাগার এলাকা ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। কেউ বিভাগের অবস্থান খুঁজে নিচ্ছেন, কেউ নতুন সহপাঠীদের সঙ্গে পরিচিত হচ্ছেন, আবার কেউ কলেজজীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে ছবি তুলতে ব্যস্ত সময় পার করছেন।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আনন্দে অনেক শিক্ষার্থী উচ্ছ্বসিত। স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে প্রবেশের অনুভূতি তাদের চোখেমুখে স্পষ্ট। নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষার্থীরা যেমন আগ্রহী, তেমনি নিজেদের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইছরাত বলেন, রাজশাহী কলেজে পড়ার স্বপ্ন অনেক দিনের। প্রথম দিন ক্লাস করতে এসে খুব ভালো লাগছে। নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হয়েছে। আশা করি এখানে সুন্দর একটি শিক্ষাজীবন কাটাতে পারব।

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবাইদা বলেন, প্রথম দিন হওয়ায় কিছুটা অচেনা লাগছিল। তবে বিভাগের শিক্ষক ও সিনিয়রদের সহযোগিতায় দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছি।

শুধু শিক্ষার্থীরাই নয়, নবীনদের বরণে প্রস্তুত ছিলেন শিক্ষকরাও। বিভিন্ন বিভাগে প্রথম দিনের ক্লাসে শিক্ষার্থীদের ক্লাস রুটিন, বিভাগীয় কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি এবং শিক্ষাজীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত ক্লাসে উপস্থিতি, একাডেমিক শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরা হয়।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন, অনার্স প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নতুন শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা একটি সুন্দর ও মানসম্মত শিক্ষাজীবন লাভ করুক।

১৮৭৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রায় দেড় শতকের শিক্ষা-ঐতিহ্য, একাডেমিক সাফল্য এবং সহশিক্ষা কার্যক্রমের সমৃদ্ধ ইতিহাস নিয়ে প্রতিষ্ঠানটি আজও দেশের শিক্ষাঙ্গনে বিশেষ মর্যাদা ধরে রেখেছে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী এখানে ভর্তি হয়ে উচ্চশিক্ষার স্বপ্ন বুনে।

নতুন শিক্ষাবর্ষের শুরুতে নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে রাজশাহী কলেজের চিরচেনা ক্যাম্পাসে ফিরে এসেছে নতুন প্রাণ। সবুজে ঘেরা প্রাঙ্গণ, ঐতিহ্যবাহী স্থাপনা এবং নবীন মুখের উচ্ছ্বাস মিলিয়ে কলেজটি যেন পরিণত হয়েছে স্বপ্ন ও সম্ভাবনার এক প্রাণচঞ্চল মিলনমেলায়।

নতুন শিক্ষার্থীদের এই পথচলাই আগামী দিনে রাজশাহী কলেজের শিক্ষা-ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। নতুন স্বপ্ন আর নতুন উদ্দীপনা নিয়ে শুরু হলো তাদের উচ্চশিক্ষা জীবনের নতুন অধ্যায়।

 

 

Link copied!