প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৩ জুন) কক্সবাজার সফরে যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে তিনি একাধিক সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর মধ্যে রয়েছে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, জুলাই গণঅভ্যুত্থানের এক শহীদের কবর জিয়ারত, নতুন প্রশাসনিক ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি বৃহৎ রাজনৈতিক জনসভায় ভাষণ।
সফরসূচি অনুযায়ী, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে তিনি পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি স্থানীয় জনগণের উদ্দেশে এক পথসভায় বক্তব্য রাখারও কথা রয়েছে তার।
এরপর প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। পরে মালুমঘাট সংরক্ষিত বনে একটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সফরের পরবর্তী অংশে তিনি পেকুয়া উপজেলায় যাবেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪–এ কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সময় প্রধানমন্ত্রী নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি নতুন মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরও উন্মোচন করবেন বলে জানা গেছে।
বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
জনসভা শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকতের বিভিন্ন অংশ পরিদর্শন করবেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে কক্সবাজারের লং বিচ হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
পরে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে তার দিনব্যাপী সফর শেষ হবে।
আপনার মতামত লিখুন :