বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে দুদকের আনুষ্ঠানিক চিঠি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৬:২৮ পিএম

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ জুন) এ চিঠি পাঠানো হয় বলে জানা গেছে।

একই দিনে বেনজীর আহমেদ সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে দুদক কার্যালয়ে যায় ইন্টারপোলের স্থানীয় সমন্বয় সংস্থা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। দুপুরে এনসিবির দুই সদস্যের একটি প্রতিনিধি দল দুদকে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংগ্রহ করে।

দুদক সূত্র জানায়, গত ১২ জুন দুবাইয়ে গ্রেপ্তারের পর বেনজীরকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন নথি প্রস্তুতের কাজও চলছে।

সাবেক এই আইজিপির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং পাসপোর্ট জালিয়াতিসহ মোট ছয়টি দুর্নীতির মামলা রয়েছে। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

তদন্তে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৩৪৫ বিঘা জমি এবং বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া দুবাইয়ে তার মালিকানাধীন একটি ফ্ল্যাটও জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে ২০২৫ সালের ১০ এপ্রিল ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করে।

Link copied!